১২/২৭. অধ্যায়ঃ
যে ব্যক্তি মূল্য বেঁধে দেয়া অপছন্দ করে।
মূল্য নির্ধারণের হাদিস: বাজারে ন্যায় ও জুলুম থেকে সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ২২০০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২০০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، وَحُمَيْدٍ، وَثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ غَلاَ السِّعْرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ غَلاَ السِّعْرُ فَسَعِّرْ لَنَا . فَقَالَ " إِنَّ اللَّهَ هُوَ الْمُسَعِّرُ الْقَابِضُ الْبَاسِطُ الرَّازِقُ إِنِّي لأَرْجُو أَنْ أَلْقَى رَبِّي وَلَيْسَ أَحَدٌ يَطْلُبُنِي بِمَظْلَمَةٍ فِي دَمٍ وَلاَ مَالٍ " .
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে একবার জিনিসপত্রের দাম বেড়ে গেল। লোকজন বললো, হে আল্লাহর রাসূল! জিনিসপত্রের দাম বেড়ে গেছে। অতএব আপনি আমাদের জন্য মূল্য বেঁধে দিন। তিনি বলেন, নিশ্চয় আল্লাহ মূল্য নিয়ন্ত্রণকারী, সংকোচনকারী, সম্প্রসারণকারী এবং রিজিক দানকারী। আমি আমার রবের সাথে এমন অবস্থায় সাক্ষাত করতে চাই যে, কেউ যেন আমার বিরুদ্ধে রক্তের ও সম্পদের কোনরূপ অভিযোগ উত্থাপন করতে না পারে।
[২২০০] তিরমিযী ১৩১৪, আবূ দাউদ ৩৪৫১, আহমাদ ১২১৮১, ১৩৬৪৩, দারেমী ২৫৪৫, ইবনু হিব্বান ৪৯৩, ৪৯৩৫, আল বায়হাকী ফিশ-শুআব ২৯১৬, ১৭৩১৮। গায়াতুল মারাম ৩২৩, রাওদুন নাদীর ৪০৫। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে দেখা যায়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে জিনিসপত্রের দাম বেড়ে গেলে লোকেরা তাঁর কাছে মূল্য বেঁধে দেওয়ার অনুরোধ করেছিল। নবীজি উত্তর দিলেন, আল্লাহই মূল্য নিয়ন্ত্রণকারী, সংকোচনকারী, সম্প্রসারণকারী এবং রিজিকদাতা। এখানে মূল শিক্ষা হলো—বাজারনীতি ও ক্রয়-বিক্রয়ে জুলুম এড়িয়ে চলা। নবীজি এমন কোনো সিদ্ধান্ত নিতে চাননি, যার কারণে কারও রক্ত বা সম্পদের ব্যাপারে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে। তাই এই হাদিস মুসলিম ব্যবসায়ী ও ক্রেতা—দুজনকেই মনে করিয়ে দেয়, দাম, লাভ ও বাজারের বিষয়ে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে এবং মানুষের সম্পদের অধিকার নষ্ট করা যাবে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাম বাড়লে সিদ্ধান্ত নেওয়ার আগে জুলুমের আশঙ্কা বিবেচনা করা দরকার।
- রিজিক ও বাজারের চূড়ান্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে—এ বিশ্বাস রাখা উচিত।
- মানুষের রক্ত ও সম্পদের অধিকার নষ্ট করা বড় ধরনের দায়।
- ব্যবসা-বাণিজ্যে ন্যায় রাখা নবীজির শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
