১২/২২. অধ্যায়ঃ
উরবান ধরণের ক্রয়-বিক্রয়।
উরবান বিক্রয়ের ব্যাখ্যা: বায়না ও শর্তে ন্যায্যতার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২১৯৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৯৩
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ الرُّخَامِيُّ حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي حَبِيبٍ أَبُو مُحَمَّدٍ كَاتِبُ مَالِكِ بْنِ أَنَسٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَامِرٍ الْأَسْلَمِيُّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الْعُرْبَانِ قَالَ أَبُو عَبْد اللهِ الْعُرْبَانُ أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ دَابَّةً بِمِائَةِ دِينَارٍ فَيُعْطِيَهُ دِينَارَيْنِ عُرْبُونًا فَيَقُولُ إِنْ لَمْ أَشْتَرِ الدَّابَّةَ فَالدِّينَارَانِ لَكَ وَقِيلَ يَعْنِي وَاللهُ أَعْلَمُ أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ الشَّيْءَ فَيَدْفَعَ إِلَى الْبَائِعِ دِرْهَمًا أَوْ أَقَلَّ أَوْ أَكْثَرَ وَيَقُولَ إِنْ أَخَذْتُهُ وَإِلَّا فَالدِّرْهَمُ لَكَ.
আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) উরবান ধরনের ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। আবু আবদুল্লাহ (ইমাম ইবনু মাজাহ) বলেন, উরবান ধরনের ক্রয়-বিক্রয় এই যে, যেমন কোন ব্যক্তি একশত দীনারে একটি পশু ক্রয় করে বিক্রেতাকে বায়নাস্বরূপ দু’দীনার দিয়ে বললো, আমি পশুটি ক্রয় না করলে দীনার দু’টি তোমারই থাকবে। আরো বলা হয়েছে যে, ক্রেতা কোন জিনিস ক্রয় করে বিক্রেতাকে এক দিরহাম অথবা তার কম বা বেশি দিয়ে বললো, আমি তা রেখে দিলে তো ঠিক আছে, অন্যথায় দিরহামটি তোমারই। আল্লাহই ভালো জানেন।
[২১৯৩] ইবনু মাজাহ ২১৯২, আবূ দাউদ ৩৫০২। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী হাবিব বিন আবু হাবিব (উপনাম) আবু মুহাম্মাদ সম্পর্কে আবু আহমাদ আল হাকিম বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সিকাহ নয়, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি জাল (বানিয়ে) হাদিস বর্ণনা করেন। ইমাম দারাকুতনী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। (তাহযীবুল কামালঃ রাবী নং ১০৮২, ৫/৩৬৬ নং পৃষ্ঠা) ২. আবদুল্লাহ বিন আমির আল-আসলামী সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল-বায়হাকী ও আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম বুখারী বলেন, তার হিফযের বিষয় নিয়ে সমালোচনা রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৩৫৫, ১৫/১৫০ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) উরবান ধরনের ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন এবং ইমাম ইবনু মাজাহ এর ব্যাখ্যাও এনেছেন। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ একশত দীনারে একটি পশু কিনে দুই দীনার বায়না দেয় এবং বলে, সে পশুটি না নিলে দুই দীনার বিক্রেতার থাকবে। আরেক ব্যাখ্যায় বলা হয়েছে, ক্রেতা কোনো জিনিস কিনে কিছু টাকা দিয়ে বলে, রাখলে ঠিক আছে, না রাখলে টাকা বিক্রেতার। এই ব্যাখ্যা থেকে বোঝা যায়, অগ্রিম টাকা ও চুক্তি বাতিলের শর্ত খুব সাবধানে নির্ধারণ করতে হয়। হাদিসটি বেচাকেনায় অস্পষ্টতা ও একতরফা ক্ষতি থেকে সতর্ক করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উরবান বিক্রয়ের ধরন সম্পর্কে স্পষ্ট উদাহরণ এসেছে।
- বায়না বা অগ্রিম টাকা নিয়ে শর্ত অস্পষ্ট রাখা উচিত নয়।
- চুক্তি না হলে কার টাকা কার থাকবে—এ বিষয়ে সতর্কতা দরকার।
- বেচাকেনায় ন্যায্য শর্ত ও পরিষ্কার সম্মতি গুরুত্বপূর্ণ।
