১২/৩. অধ্যায়ঃ
ব্যবসা-বানিজ্যে সতর্কতা অবলম্বন।
সৎ ব্যবসায়ী: তাকওয়া, নেক কাজ ও সত্য কথার পথ
সুনানে ইবনে মাজাহ : ২১৪৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৪৬
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، رِفَاعَةَ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَإِذَا النَّاسُ يَتَبَايَعُونَ بُكْرَةً فَنَادَاهُمْ " يَا مَعْشَرَ التُّجَّارِ " . فَلَمَّا رَفَعُوا أَبْصَارَهُمْ وَمَدُّوا أَعْنَاقَهُمْ قَالَ " إِنَّ التُّجَّارَ يُبْعَثُونَ يَوْمَ الْقِيَامَةِ فُجَّارًا إِلاَّ مَنِ اتَّقَى اللَّهَ وَبَرَّ وَصَدَقَ " .
রিফাআহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে রওয়ানা হলাম। লোকেরা উট ক্রয়-বিক্রয় করছিল। তিনি তাদের ডেকে বলেনঃ হে তাজির (ব্যবসায়ী) সম্প্রদায়! তারা চোখ তুলে ও ঘাড় উঁচিয়ে তাকালে তিনি বললেনঃ কেয়ামতের দিন ব্যবসায়ীদের পাপিষ্ঠ দুরাচাররুপে উঠানো হবে, তবে যারা আল্লাহকে ভয় করে, সৎভাবে কাজ (ব্যবসা) করে ও সত্য কথা বলে তারা ব্যতীত।
[২১৪৬] তিরমিযী ১২১০, দারেমী ২৫৩৮, মিশকাত ২৭৯৯, গায়াতুল মারাম ১৩৮, আত-তালীকুর রাগীব ৩/২৯। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ১. ইয়াকুব বিন হুমায়দ বিন কাসিব সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭০৮৬, ৩২/৩১৮ নং পৃষ্ঠা) ২. ইয়াহইয়া বিন সুলায়ম আত-তায়ফী সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বিশর আদ-দাওলানী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার স্মৃতিশক্তি দুর্বল। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৮৪১, ৩১/৩৬৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ব্যবসায়ীদের ডেকে একটি গুরুতর সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, কিয়ামতের দিন ব্যবসায়ীদের পাপিষ্ঠ দুরাচাররূপে উঠানো হবে, তবে যারা আল্লাহকে ভয় করে, সৎভাবে কাজ করে এবং সত্য কথা বলে তারা ব্যতীত। এতে বোঝা যায়, ব্যবসা নিজে নিন্দিত নয়; কিন্তু ব্যবসায় মিথ্যা, অন্যায়, ধোঁকা বা আল্লাহভীতি না থাকলে তা বিপদের কারণ হতে পারে। হাদিসটি সৎ ব্যবসায়ী হওয়ার তিনটি সহজ পথ দেখায়—তাকওয়া, ভালো আচরণ বা সৎ কাজ, এবং সত্যবাদিতা। বাজারে লাভের চিন্তা থাকবে, কিন্তু সত্য কথা ও আল্লাহর ভয়কে ছেড়ে দিলে ব্যবসা ক্ষতির পথে যেতে পারে। তাই ব্যবসায় সততা শুধু ভালো অভ্যাস নয়; এটি আখিরাতের ব্যাপারও।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ব্যবসায় তাকওয়া থাকা খুব জরুরি।
- সৎভাবে কাজ করা ব্যবসায়ীর পরিচয়ের অংশ।
- ক্রয়-বিক্রয়ে সত্য কথা বলা আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ।
- ব্যবসা করতে গিয়ে অন্যায়ে জড়ানো থেকে সতর্ক থাকতে হবে।
