০/৩৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি কোন বিলুপ্ত সুন্নাতকে পুনর্জীবিত করে তার বিনিময় যা পাবে
বিলুপ্ত সুন্নাত জীবিত করা ও অপছন্দনীয় বিদআত থেকে বাঁচা
সুনানে ইবনে মাজাহ : ২১০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنِي كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " مَنْ أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي فَإِنَّ لَهُ مِنَ الأَجْرِ مِثْلَ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا مِنَ النَّاسِ لاَ يَنْقُصُ مِنْ أُجُورِ النَّاسِ شَيْئًا وَمَنِ ابْتَدَعَ بِدْعَةً لاَ يَرْضَاهَا اللَّهُ وَرَسُولُهُ فَإِنَّ عَلَيْهِ مِثْلَ إِثْمِ مَنْ عَمِلَ بِهَا مِنَ النَّاسِ لاَ يَنْقُصُ مِنْ آثَامِ النَّاسِ شَيْئًا " .
আমর বিন আওফ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি আমার (মৃত্যুর) পরে বিলুপ্ত হওয়া আমার কোন সুন্নাত জীবিত করলো, সে তদানুযায়ী আমলকারীদের সমপরিমাণ সওয়াব পাবে এবং তাতে আমলকারীদের সামান্যও হ্রাস পাবে না। পক্ষান্তরে যে ব্যক্তি এমন কোন বিদআতের প্রচলন করলো, যার প্রতি আল্লাহ ও তাঁর রাসুল সন্তুষ্ট নন, তার উপর বিদআত অনুসরণকারীদের সমপরিমাণ গুনাহ বর্তাবে এবং তাতে অনুসরণকারীদের পাপের পরিমাণ কিছুই হ্রাস পাবে না।
[২০৮] তিরমিযী ২৬৭৭ তাহক্বীক্ব আলবানী: খুবই দুর্বল। তাখরীজ আলবানী: জামি সগীর ৯৬৫ যঈফ, ৫৩৫৯ যঈফ জিদ্দান, তিরমিযী ২৬৭৭ যঈফ, মিশকাত ১৬৮ যঈফ, তারগীব ৩ ,৪২ যঈফ জিদ্দান, যিলালুল জান্নাহ ৪২ মিশকাত ১৬৮। উক্ত হাদিসের রাবী ১. ইসমাঈল বিন আবু উওয়ারস সম্পর্কে ইমাম নাসাঈ ও ইয়াহইয়া বিন মাঈন তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন হাম্বল বলেন, কোন সমস্যা নেই। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনার ব্যপারে অমনোযোগী। ২. ইমাম শাফিঈ বলেন, তিনি মিথ্যুকদের একজন অথবা মিথ্যার একটি রুকন। আহমাদ বিন হাম্বল বলেন, মুনকারুল হাদিস। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি মিথ্যুকদের অন্যতম সদস্য।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তাঁর মৃত্যুর পরে বিলুপ্ত হয়ে যাওয়া কোনো সুন্নাত কেউ জীবিত করলে সে সেই সুন্নাত অনুযায়ী আমলকারীদের সমপরিমাণ সওয়াব পাবে। এতে মানুষের সওয়াব সামান্যও কমবে না। এর বিপরীতে, যে ব্যক্তি এমন বিদআত চালু করে যার প্রতি আল্লাহ ও তাঁর রাসূল সন্তুষ্ট নন, তার ওপর সেই বিদআত অনুসরণকারীদের সমপরিমাণ গুনাহ বর্তাবে। এতে অনুসরণকারীদের পাপ কমবে না। এই হাদিস সুন্নাতের গুরুত্ব ও বিদআতের ঝুঁকি একসঙ্গে শেখায়। দ্বীনের কাজে নতুন কিছু চালু করার আগে দেখতে হবে তা আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির পথে কি না। আর ভুলে যাওয়া সুন্নাতকে জ্ঞান ও আমলের মাধ্যমে ফিরিয়ে আনা বড় কল্যাণের দরজা হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিলুপ্ত সুন্নাত জীবিত করা সওয়াবের কাজ।
- মানুষ সুন্নাত অনুসরণ করলে পথ দেখানো ব্যক্তিও পুরস্কারের আশা করতে পারে।
- আল্লাহ ও রাসূলের অসন্তুষ্টির বিদআত থেকে সতর্ক থাকা দরকার।
- দ্বীনি আমলে সঠিক উৎস ও নবী (صلى الله عليه وسلم)-এর পথ যাচাই করা জরুরি।
