৯/১. অধ্যায়ঃ
বিবাহ করার ফযীলাত
বিবাহ সুন্নাত: সামর্থ্য থাকলে নিকাহ, না থাকলে সিয়াম
সুনানে ইবনে মাজাহ : ১৮৪৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮৪৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم النِّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي وَتَزَوَّجُوا فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ الْأُمَمَ وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বিবাহ করা আমার সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নাত মুতাবিক কাজ করলো না সে আমার নয়। তোমরা বিবাহ কর, কেননা আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ব করব। অতএব যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে এবং যার সামর্থ্য নেই সে যেন সিয়াম রাখে। কারণ सিয়াম তার জন্য জৈবিক উত্তেজনা প্রশমনকারী।
[১৮৪৬] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ২৩৮৩। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী ঈসা বিন মায়মুন সম্পর্কে আবু বকর আল বায়হাকী বলেন, তিনি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম তিরমিযি বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ছিলেন। ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী তিনি দুর্বল। ইমাম বুখারী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল, তিনি মুনকার। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৬৬৭, ২৩/৪৮ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে বিবাহের মর্যাদা ও সুন্নাতের অনুসরণের কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, বিবাহ তাঁর সুন্নাত। যারা তাঁর সুন্নাত অনুযায়ী কাজ করে না, তাদের বিষয়ে কঠিন সতর্ক কথা বলা হয়েছে। এরপর তিনি বিবাহের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, তিনি উম্মতের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ব করবেন। হাদিসে আরও বলা হয়েছে, যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে, আর যার সামর্থ্য নেই সে যেন সিয়াম রাখে। কারণ সিয়াম জৈবিক উত্তেজনা প্রশমনে সহায়ক। এখানে মূল শিক্ষা হলো, বিবাহকে অবহেলা না করা, বৈধ পথে জীবন গড়া এবং সামর্থ্য না থাকলে নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য সিয়ামের পথ নেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিবাহ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সুন্নাতের অন্তর্ভুক্ত।
- সামর্থ্য থাকলে বিবাহ করা উৎসাহিত করা হয়েছে।
- সামর্থ্য না থাকলে সিয়াম সংযমে সাহায্য করে।
- বিবাহকে দ্বীনি ও দায়িত্বশীল জীবন গঠনের অংশ হিসেবে দেখা উচিত।
