৬/৫৫. অধ্যায়ঃ
বিপদে ধৈর্য ধারণ করা
নবীজির বিচ্ছেদ স্মরণে সান্ত্বনা: বিপদে ধৈর্যের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১৫৯৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫৯৯
حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عَمْرِو بْنِ السُّكَيْنِ حَدَّثَنَا أَبُو هَمَّامٍ حَدَّثَنَا مُوسَى بْنُ عُبَيْدَةَ حَدَّثَنَا مُصْعَبُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ قَالَتْ فَتَحَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بَابًا بَيْنَهُ وَبَيْنَ النَّاسِ أَوْ كَشَفَ سِتْرًا فَإِذَا النَّاسُ يُصَلُّونَ وَرَاءَ أَبِي بَكْرٍ فَحَمِدَ اللهَ عَلَى مَا رَأَى مِنْ حُسْنِ حَالِهِمْ رَجَاءَ أَنْ يَخْلُفَهُ اللهُ فِيهِمْ بِالَّذِي رَآهُمْ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَيُّمَا أَحَدٍ مِنْ النَّاسِ أَوْ مِنْ الْمُؤْمِنِينَ أُصِيبَ بِمُصِيبَةٍ فَلْيَتَعَزَّ بِمُصِيبَتِهِ بِي عَنْ الْمُصِيبَةِ الَّتِي تُصِيبُهُ بِغَيْرِي فَإِنَّ أَحَدًا مِنْ أُمَّتِي لَنْ يُصَابَ بِمُصِيبَةٍ بَعْدِي أَشَدَّ عَلَيْهِ مِنْ مُصِيبَتِي
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ও লোকেদের মাঝখানের দরজা খুলে অথবা পর্দা তুলে দেখেন যে, লোকজন আবু বকর (রাঃ) এর পিছনে সালাত পড়ছে। তিনি তাদেরকে উক্ত অবস্থায় দেখে আল্লাহর প্রশংসা করেন এবং আশা করেন যে, আল্লাহ যেন আবু বকরকে তাদের প্রতিনিধি নির্ধারণ করেন, যেভাবে তিনি তাদেরকে দেখতে পেয়েছেন।এরপর তিনি বলেনঃ হে লোকসকল! কোন লোকের উপর অথবা কোন মুমিন ব্যক্তির উপর কোন বিপদ আসলে সে যেন অপরের উপর আপতিত বিপদের প্রতি ভ্রুক্ষেপ না করে, বরং আমার উপর আপতিত বিপদের কোন কথা স্মরণ করে প্রশান্তি লাভ করে। কেননা আমার পরে আমার কোন উম্মতের উপর, আমার বিপদের তুলনায় কঠিন বিপদ আপতিত হবে না।
[১৫৯৭] সহীহাহ ১১০৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুসা বিন উবায়দাহ সম্পর্কে মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ তবে হুজ্জাহ নয়। আহমাদ বিন হাম্বল বলেন, তার থেকে হাদিস বর্ণনা করা উচিত নয়। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, মুনকারুল হাদিস। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫৯৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর শেষ সময়ের একটি দৃশ্য এসেছে। তিনি দরজা খুলে বা পর্দা তুলে দেখেন, লোকজন আবু বকর (রাঃ)-এর পিছনে সালাত পড়ছে। তাঁদের ভালো অবস্থা দেখে তিনি আল্লাহর প্রশংসা করেন। এরপর তিনি বলেন, কোনো লোক বা মুমিনের উপর বিপদ এলে সে যেন অন্যের বিপদের দিকে না তাকিয়ে, বরং তাঁর উপর আসা বিপদের কথা স্মরণ করে সান্ত্বনা নেয়। কারণ তাঁর পরে তাঁর উম্মতের উপর তাঁর বিপদের তুলনায় কঠিন বিপদ আসবে না। এই বর্ণনা মুমিনকে বড় শোকের মাঝেও ঈমানি চিন্তা দেয়। ব্যক্তিগত কষ্ট বড় মনে হলেও নবীজির বিচ্ছেদ উম্মতের জন্য সবচেয়ে গভীর বিপদ—এটি স্মরণ করলে হৃদয় ধৈর্যের দিকে ফিরতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিপদের সময় নবীজির বিচ্ছেদের কথা স্মরণ করে সান্ত্বনা নেওয়া যায়।
- নিজের কষ্টকে বড় মনে হলে ঈমানি দৃষ্টিতে ভাবা দরকার।
- মুমিনের শোক ধৈর্য ও আল্লাহর প্রশংসার দিকে ফিরতে পারে।
