০/২৬. অধ্যায়ঃ
খাব্বাব (রাঃ)-এর সম্মান
সাহাবীদের গুণাবলি: দয়া, দ্বীনি দৃঢ়তা, লজ্জা, জ্ঞান ও আমানত
সুনানে ইবনে মাজাহ : ১৫৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي دِينِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَقْضَاهُمْ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَأَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ أُبَىُّ بْنُ كَعْبٍ وَأَعْلَمُهُمْ بِالْحَلاَلِ وَالْحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ أَلاَ وَإِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ " .
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমার উম্মতের মধ্যে আমার উম্মতের প্রতি সর্বাপেক্ষা দয়ার্দ্র ব্যক্তি আবু বকর (রাঃ)। তাদের মধ্যে আল্লাহর দ্বীনের ব্যাপারে সর্বাপেক্ষা কঠোর মনোভাবাপন্ন ব্যক্তি উমর (রাঃ)। তাদের মধ্যে সর্বাধিক সত্যিকার লজ্জাশীল ব্যক্তি উসমান (রাঃ)। তাদের মধ্যে সর্বাধিক বিচক্ষণ বিচারক আলী বিন আবু তালিব (রাঃ)। তাদের মধ্যে আল্লাহর কিতাবের সর্বোত্তম পাঠকারী উবাই বিন কা'ব (রাঃ)। তাদের মধ্যে হালাল ও হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞাত ব্যক্তি মু'আয বিন জাবাল (রাঃ)। তাদের মধ্যে ফরজ (দায়ভাগ) সম্পর্কিত বিষয়ে সর্বাধিক জ্ঞানী যায়দ বিন সাবিত (রাঃ)।শোন! প্রত্যেক উম্মতের একজন আমীন (বিশ্বস্ত ব্যক্তি) থাকে। আর এ উম্মতের আমীন হলো আবু উবায়দাহ ইবনুল জাররাহ (রাঃ)।
[১৫২] বুখারী ৩৭৪৪, মুসলিম ২৪১৯, তিরমিযী ৩৭৯০-৯১, আহমাদ ১১৮৫২, ১১৯৪৯, ১২০৭২, ১২৩৭৮, ১২৪৯৩, ১২৫৫৪, ১২৮০৫, ১৩১৫১, ১৩৫৭৮, ১৩৬৩৪। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১২২৪।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কয়েকজন সাহাবীর বিশেষ গুণ উল্লেখ করেছেন। আবু বকর (রাঃ)-কে উম্মতের প্রতি দয়ার্দ্র, উমর (রাঃ)-কে আল্লাহর দ্বীনে কঠোর, উসমান (রাঃ)-কে সত্যিকার লজ্জাশীল, আলী (রাঃ)-কে বিচক্ষণ বিচারক, উবাই বিন কা‘ব (রাঃ)-কে কুরআনের উত্তম পাঠকারী, মু‘আয (রাঃ)-কে হালাল-হারামের জ্ঞানী, যায়দ (রাঃ)-কে ফরজ বিষয়ে জ্ঞানী বলা হয়েছে। শেষে আবু উবায়দাহ (রাঃ)-কে এই উম্মতের আমীন বলা হয়েছে। হাদিসটি শেখায়, সাহাবীদের মর্যাদা একরকম হলেও তাঁদের গুণাবলি ভিন্ন ভিন্নভাবে উজ্জ্বল। প্রত্যেক ভালো গুণই উম্মতের জন্য শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবীদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা সুন্দর গুণ ছিল।
- দয়া, লজ্জা, জ্ঞান, বিচারবোধ ও আমানত—সবই ইসলামে মূল্যবান।
- আবু উবায়দাহ (রাঃ)-এর আমানতদারি বিশেষভাবে উল্লেখিত।
- ভালো গুণকে চেনা ও সম্মান করা উচিত।
