৫/১৮০. অধ্যায়ঃ
কোন ব্যক্তি তাহাজ্জুদ সালাত আদায় করতে উঠে যে দুআ’ পড়বে।
রাতের সালাত শুরু করার নববী যিকির ও দোয়া
সুনানে ইবনে মাজাহ : ১৩৫৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৫৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، حَدَّثَنِي أَزْهَرُ بْنُ سَعِيدٍ، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ مَاذَا كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَفْتَتِحُ بِهِ قِيَامَ اللَّيْلِ قَالَتْ لَقَدْ سَأَلْتَنِي عَنْ شَىْءٍ مَا سَأَلَنِي عَنْهُ أَحَدٌ قَبْلَكَ كَانَ يُكَبِّرُ عَشْرًا وَيَحْمَدُ عَشْرًا وَيُسَبِّحُ عَشْرًا وَيَسْتَغْفِرُ عَشْرًا وَيَقُولُ " اللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي وَارْزُقْنِي وَعَافِنِي " . وَيَتَعَوَّذُ مِنْ ضِيقِ الْمُقَامِ يَوْمَ الْقِيَامَةِ .
আসিম বিন হুমায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম যে, নবী (ﷺ) রাতে সালাত আদায় করতে উঠে প্রথমে কি পড়তেন? তিনি বলেন, তুমি আমার কাছে যে বিষয়ে জিজ্ঞেস করেছ, তোমার আগে সে বিষয়ে আমাকে আর কেউ জিজ্ঞেস করেনি। তিনি দশবার আল্লাহু আকবর, দশবার আলহামদুলিল্লাহ, দশবার সুবহানাল্লাহ ও দশবার ক্ষমা প্রার্থনা করতেন এবং বলতেন : “হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, আমাকে হিদায়াত দাও, আমাকে রিজিক দাও এবং আমাকে নিরাপত্তা দাও”। তিনি কেয়ামত দিবসের ভয়াবহ অবস্থা থেকেও আশ্রয় প্রার্থনা করতেন।
[১৩৫৬] নাসায়ী ১৬১৭, আবূ দাঊদ ৭৬৬। তাহক্বীক্ব আলবানী: হাসান সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৭৪২। উক্ত হাদিসের রাবী যায়দ ইবনুল হুবাব সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আলী ইবনুল মাদীনী ও উসমান বিন আবু শায়বাহ তাকে সিকাহ বলেছেন।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৫৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, নবী (صلى الله عليه وسلم) রাতে সালাত আদায় করতে উঠে প্রথমে কী পড়তেন। তিনি বলেন, নবীজি দশবার আল্লাহু আকবার, দশবার আলহামদুলিল্লাহ, দশবার সুবহানাল্লাহ এবং দশবার ইস্তিগফার করতেন। তারপর তিনি দোয়া করতেন—হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে হিদায়াত দাও, আমাকে রিজিক দাও এবং আমাকে নিরাপত্তা দাও। তিনি কিয়ামত দিবসের কঠিন অবস্থার থেকেও আশ্রয় চাইতেন। এই হাদিস রাতের সালাতের শুরুতে যিকির, ক্ষমা প্রার্থনা এবং দোয়ার গুরুত্ব শেখায়। এতে বান্দার প্রয়োজনগুলোও সুন্দরভাবে এসেছে—ক্ষমা, পথনির্দেশ, রিজিক ও নিরাপত্তা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাতের সালাত শুরুতে তাকবীর, হামদ, তাসবীহ ও ইস্তিগফার করা হয়েছে।
- দোয়ায় ক্ষমা, হিদায়াত, রিজিক ও নিরাপত্তা চাওয়া সুন্দর আমল।
- কিয়ামতের কঠিন অবস্থা থেকে আশ্রয় চাওয়া উচিত।
