৫/১৭৯. অধ্যায়ঃ
রাতের সলাতের কিরাআত।
আযাবের আয়াত শুনে জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১৩৫২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৫২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ ثَابِتٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي لَيْلَى، قَالَ صَلَّيْتُ إِلَى جَنْبِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ يُصَلِّي مِنَ اللَّيْلِ تَطَوُّعًا فَمَرَّ بِآيَةِ عَذَابٍ فَقَالَ " أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ وَوَيْلٌ لأَهْلِ النَّارِ " .
আবূ লাইলা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) রাতে নফল সালাত পড়েন, আমি তাঁর পাশে দাঁড়িয়ে তাঁর সাথে নফল সালাত পড়লাম। তিনি আযাবের আয়াত তিলাওয়াত করে বলেন, "আমি জাহান্নামের আগুন থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আর জাহান্নামের অধিবাসীদের জন্য ধ্বংস।"
[১৩৫২] আবূ দাঊদ ৮৮১ তাহক্বীক্ব আলবানী: যঈফ। উক্ত হাদিসের রাবী আবু লায়লা সম্পর্কে ইয়াকুন সুফইয়ান বলেন, তিনি সিকাহ। শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, আমি তার চেয়ে দুর্বল স্মৃতিসম্পন্ন ব্যাক্তি আর কাউকে দেখি নি। ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান বলেন, তিনি যইফ বা দুর্বল। আহমাদ বিন হাম্বল বলেন, তার স্মৃতিশক্তি খুবই দুর্বল। ইবনু মাঈন বলেন, সমস্যা নেই।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন সাহাবী বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-এর পাশে দাঁড়িয়ে রাতে নফল সালাত পড়লেন। নবীজি যখন আযাবের আয়াত তিলাওয়াত করলেন, তখন বললেন, আমি জাহান্নামের আগুন থেকে আল্লাহর আশ্রয় চাই এবং জাহান্নামের অধিবাসীদের জন্য ধ্বংস। এই হাদিস কুরআন তিলাওয়াতের সময় অর্থের প্রতি সাড়া দেওয়ার শিক্ষা দেয়। আযাবের আয়াত শুধু পড়ে চলে যাওয়ার বিষয় নয়; তা মানুষকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শেখায়। রাতের নফল সালাতে কুরআনের শব্দ, অর্থ এবং দোয়া একসাথে যুক্ত ছিল। এতে ভয়, আশা এবং আল্লাহমুখী হওয়ার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আযাবের আয়াত পড়লে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত।
- রাতের নফল সালাতে কুরআনের অর্থের প্রতি মনোযোগ দরকার।
- জাহান্নামের কথা মানুষকে সতর্ক ও বিনয়ী করতে পারে।
